চট্টগ্রামে করোনা আতঙ্কে ঘরবন্দী মাদক সেবীদের ইয়াবা সরবরাহকালে দুই ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নগরীর দেওয়ান বাজার এলাকা হতে আজিজ ও শফিউল নামে দুই ব্যক্তিকে ৩০০ পিস ইয়াবা সহ আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন জানান, “করোনায় মানুষকে ঘরমুখো করতে তৎপর আমরা। আমাদের কঠোরতার কারণে ‘ঘরবন্দী’ প্রায় সবাই। বাকি সবার মতো এই দলে আছে মাদকসেবীরাও।
কিন্তু এই পরিস্থিতিতেও মাদক সেবিদের মাদক সেবন স্বাভাবিক রাখতে অভিনব কৌশল গ্রহণ করেছে মাদক ব্যবসায়ীরা! হোম সার্ভিস দিচ্ছে মাদকের! অর্ডার অনুযায়ী বাসাতেই পৌঁছে দিচ্ছে মাদক।
যা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে আজিজ ও শফিউল নামে দুই ইয়াবা বিক্রেতাকে ৩০০ পিস ইয়াবা সহ আটক করা হয়।”
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথারীতি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গতকাল সোমবার (৩০মার্চ) রাত নয়টার দিকে চট্টগ্রামের দক্ষিণ খুলশীর ১নং রোডস্থ সাদএফ বিল্ডিংয়ের বাসা নং ৩৫/এ হতে সাকিব নামে এক যুবককে ২২০ পিস ইয়াবা সহ আটক করে খুলশী থানা পুলিশ।
খুলশী থানার এস আই আনোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব স্বীকার করে যে, সে বিগত পাঁচ বছর যাবত ইয়াবা সেবনে আসক্ত। আসক্তির এক পর্যায়ে সে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে।
সে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্সের ছাত্র ছিল। তার পিতা এ কে এম কবির উদ্দিন আহমেদ জানান, ঢাকায় খারাপ সঙ্গীদের সাথে মিশে ছেলে৷ নষ্ট হয়ে যায়। তাই তাকে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ভর্তি করানো হয়।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, আটক সাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
কেএ/বার্তাবাজার