করোনার প্রাদুর্ভাবে পিছিয়ে যাচ্ছে এসএসসি পরীক্ষার ফল!

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ৪ এপ্রিল পর্যন্ত সব প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সাধারণ ছুটি আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে আগামী ৭ থেকে ৯ মের মধ্যে এ পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করার প্রস্তাবনা থাকলেও তা করোনা প্রাদুর্ভাবের কারনে অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জানান, ‘গণপরিবহন বন্ধ থাকায় প্রধান পরীক্ষকরা খাতা নিয়ে বোর্ডে আসতে পারছেন না। যদি আগামী সপ্তাহে অফিস ও গণপরিবহন খুলে যায়, তাহলে আমরা যথাসময়েই এসএসসির ফল দিতে পারব।’

আগামী ৭ থেকে ৯ মের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানোর চিন্তা-ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ৪ এপ্রিল বা আরও এক সপ্তাহ পরে দেশের সকল স্থানে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হলে উল্লেখিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে। তবে গণপরিবতন বন্ধ থাকলে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে না।

তিনি আরও বলেন, এসএসসি ফল প্রকাশের প্রায় সকল কার্যক্রম শেষ পর্যায়ে। বর্তমানে উত্তরপত্রের স্ক্যানিং কাজ শুরু করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে অল্প কয়েকদিনের মধ্যে ফল প্রকাশের কাজ শেষ করা সম্ভব হবে।

এসএসসি পরীক্ষা ফল প্রকাশে দেরি হলে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম পিছিয়ে যেতে পারে কি-না-জানতে চাইলে অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘এসএসসি পরীক্ষার ফল প্রকাশে কিছুদিন বিলম্ব হলেও কলেজ ভর্তি কার্যক্রম পেছানো হবে না। তবে ভর্তি কার্যক্রম পরিচালনায় কিছুটা সময় কমিয়ে আনা হতে পারে।’

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর