করোনা আতঙ্কের মধ্যেই সাজেকে হামে আক্রান্ত ১৫০ শিশু

প্রাণঘাতী করোনা আতঙ্কে যখন সারাদেশ, ঠিক তখনই রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা দুর্গম সাজেক ইউনিয়নে আবারো হাম রোগ হানা দিয়েছে। ইউনিয়নের ১১ টি গ্রামে ১৫০ জন শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে।

সোমবার রাতে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইফতেখার আহমেদ নিশ্চিত করেছেন। তিনি জানান, এক পরিবারের চার শিশুসহ মোট ১৫০ জন আক্রান্ত হয়েছেন।

এর আগে গত কয়েকমাসে সাজেকে হামে আক্রান্ত হয়ে ৮শিশুর মৃত্যু হয় এবং শতাধিক শিশু আক্রান্ত হয়। তবে নতুন করে হামে হানা দেওয়ায় বর্তমানে ওই ইউনিয়নের সব গ্রামে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, চলতি মার্চ মাসে ২৫ তারিখ থেকে সেনাবাহিনী, বিজিবি এবং স্বাস্থ্য বিভাগের যৌথ সমন্বয়ে দু’টি মেডিক্যাল টিম এ রোগ থেকে পরিত্রাণ পেতে শুরু থেকে কাজ করে যাচ্ছে। তবে চিকিৎসদের অভিমত, কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামির কারণে এসব জনপদের মানুষের শিশুরা টিকা নিতে অনীহা প্রকাশ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া ওই এলাকাগুলোর সঙ্গে উপজেলা সদরের অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অসচেতনতা এবং এলাকাগুলো দূর্গম হওয়ার কারণে যথাসময়ে চিকিৎসাসেবা দিতে ডাক্তারদের বেশ বেগ পেতে হয় বলে সংশ্লিষ্টরা জানান।

আক্রান্ত চার শিশুর মা প্রতিমালা ত্রিপুরা জানান, রোববার সকাল থেকে আমার চার সন্তানের শরীরে হঠাৎ জ্বর উঠে এরপর রাত থেকেই তাদেরও শরীর লাল হয়ে যায়। এখন পর্যন্ত তাদের কোনো ওষুধ খাওয়ানো হয়নি। শুধু গরম পানি খাওয়ানো হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ বলেন, আমাদের দুইটি মেডিক্যাল টিম আগে থেকেই কাজ করছে। নতুন আক্রান্তের খবর পেয়ে আমরা ডা. বিষ্ণুপদ দেব নাথের নেতৃত্বে সোমবার (৩০ মার্চ) সকালে ৫ সদস্যের আরেকটি মেডিক্যাল টিম পাঠিয়েছি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর