প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দিকনির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ভিডিও কনফারেন্স শুরু হয়।
এতে ৬৪ জেলার কর্মকর্তারা সংযুক্ত হন।
বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা (ডিসি) ছাড়াও ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এ কনফারেন্সে যুক্ত থাকবে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের সঙ্গে কথা বলে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি জানবেন। করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ নেয়া হয়েছে, তারা কোন ধরনের সমস্যা মোকাবিলা করছেন তা জানতে চাইতে পারেন তিনি। এরপর প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সর্বশেস তথ্য অনুযায়ী দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে আর ১৯ জন সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন আছেন ২৫ জন।