স্বামীর শরীরে জ্বর আছে এই কথা শুনে ঘর থেকে বের করে দিয়েছেন স্ত্রী। বগুড়ার আদমদীঘি উপজেলায় এ ঘটনা ঘটে।
সোমবার (৩০ মার্চ) ভোরে ট্রাকযোগে বাড়ি আসেন কাবিল উদ্দীন নামে ওই ব্যক্তি। বাড়ি আসার পর তার শরীরে জ্বর রয়েছে এমন কথা শুনে স্ত্রী ঘর থেকে তাকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন।
জানা যায়, উপজেলার কেশরতা গ্রামের মোজাম্মেল হকের ছেলে কাবিল উদ্দীন ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে বাড়িতে আসেন। গায়ে জ্বর থাকায় স্ত্রী তাকে ঘর থেকে বের করে দেন। জ্বরের জন্য ঘর বের করে দেয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাস রয়েছে কিনা এ নিয়ে গতকাল সকাল থেকে গ্রামে তোলপাড় সৃষ্টি হয়েছে।
বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানকে জানালে গতকাল তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ানের শরণাপন্ন হন। এরপর মেডিকেল টিম নিয়ে কেশরতা গ্রামে যান।
পরে কাবিল উদ্দীনের পরিবার ও দুবাই ফেরত দুই প্রবাসীর পরিবারকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রেখে বাড়িগুলোতে লাল পতাকা উড়িয়ে দেয়া হয়। হোম কোয়ারেন্টাইনে থাকা তিন পরিবারের ১৪ দিনের খাবার দায়িত্ব নেন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান।
বার্তা বাজার / ডাব্লিও.এস