মেয়র-চেয়ারম্যানদের কর্মহীন মানুষকে সহায়তার নির্দেশ দিলেন এমপি
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের ফলে বর্তমান পরিস্থিতিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের কর্মহীন লোকজনের তালিকা তৈরি করে তাদের খাদ্য সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী, নাটোর-৪ অাসনের সংসদ সদস্য ও জেলা অাওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস।
আজ সোমবার দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার সম্মেলন কক্ষে অায়োজিত এক জরুরী সভায় তিনি উপস্থিত উপজেলার ২টি পৌরসভার পৌর মেয়র ও ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রেরিত সরকারী সহায়তা ব্যতীত (স্ব-স্ব পৌরসভার পৌর মেয়র ও স্ব-স্ব ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানগন) সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তাসহ যাবতীয় সহায়তার নির্দেশ দেন।
এসময় সাংসদ অধ্যাপক অাব্দুল কুদ্দুস বলেন, ‘করোনাভাইরাসের কারণে সারা দেশের ন্যায় বড়াইগ্রাম উপজেলার শহর ও গ্রামের কর্মজীবী মানুষ কর্মহীন অবস্থায় আছে। এসব মানুষ অর্থাৎ ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিকশাচালক, ভ্যানগাড়ি চালক, পরিবহনশ্রমিক, রেস্তোরাঁশ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদারের তালিকা তৈরি করে আপনারা খাদ্য সহায়তা দিবেন। দ্বৈততা পরিহার করবেন, কেউ যাতে বাদ না পড়ে।’
এসময় সভায় উপস্থিত ছিলেন, বনপাড়া পৌরসভার মেয়র কে.এম জাকির হোসেন জুয়েল, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারন সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মাজেদুল বারী নয়ন, বড়াইগ্রাম পৌর মেয়র আব্দুল বারেক, চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান সরকার, গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান, নগর ইউপি চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন ডালো, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মমিন, জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন তোজাম, বনপাড়া শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান পিয়াস প্রমূখ।
কেএ/বার্তাবাজার