করোনায় নিউইয়র্ক সিটিতে ১৫ বাংলাদেশির প্রাণহানি

মহামারি করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক শহর এবং নিউইয়র্ক স্টেট সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। নিউইয়র্কের এক সিটিতেই মারা গেছে ৭৮০ জন, আক্রান্তের সংখ্যা কমপক্ষে ৩৪হাজার।

প্রবাসী বাংলাদেশিদের নানা সংগঠনের বরাত দিয়ে নিউইয়র্কের সাংবাদিক লাভলু আনসার বিবিসি বাংলাকে জানান, গত ১০ দিনে নিউইয়র্ক সিটিতে কমপক্ষে ১৫ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৬ জন নারী। এছাড়া, একশরও বেশি বাংলাদেশি বিভিন্ন হাসপাতালের আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে।

তিনি আরও জানান, বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকার কাছে এম্‌হার্স্ট নামে একটি হাসপাতালে গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত একদিনে ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চারজন ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত।

“হাসপাতালে বেড এবং ভেন্টিলেটর মেশিন না থাকায় অনেক রোগী অপেক্ষারত অবস্থাতে বিনা চিকিৎসায় মারা গেছেন।” ঐ মৃত্যুর ঘটনায় গভীর ক্ষোভ এবং শোক প্রকাশ করেছেন নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো।

লাভলু আনসার জানান, এত মৃত্যুর ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়েছে। নিউইয়র্কের কুইন্স এলাকার একটি সড়ক। এখানে প্রচুর বাংলাদেশি থাকে কেন এত বাংলাদেশি মারা গেল?

লাভলু অনসার জানান, নিউইয়র্কের পরিস্থিতি ভয়াবহ এবং শুধু বাংলাদেশি নয় নিউইয়র্কে অন্যান্য সব কম্যুনিটির লোকই মারা যাচ্ছে। তবে, তিনি বলেন, ১৯শে মার্চ রাজ্যে লক-ডাউন ঘোষণার পর প্রথমদিকে বহু বাংলাদেশি তাকে তেমন গুরুত্ব দেননি।

“অনেক বাংলাদেশি তেমন গায়ে মাখেনি। জ্যাকসন হাইটস, জ্যামাইকার বাংলাদেশি গ্রোসারিগুলোর বাইরে তাদের আড্ডা মারতে দেখা গেছে। একসাথে অনেক মানুষ দোকানে ঢুকে কেনাকাটা করেছেন। অনেকেই মাঝেই সচেতনতা কম ছিল অথবা বিপদ বুঝতে পারেননি।”

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর