নারায়ণগঞ্জের আড়াইহাজারে করোনাভাইরাস রোধে সাবান, মাস্কসহ সরকারি সুরক্ষা সামগ্রী বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ সোমবার (৩০ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের রাঁধানগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন শেখ ফরিদ (২৫), আলতাফ (২২), জুলি (২২) ও নাদিরা (১০) নামের এক শিশু। এদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্য সেবাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা যুবক সুমন বলেন, ইউপি চেয়ারম্যান স্বপন রাধানগর এলাকায় মাস্ক ও সাবানসহ বিভিন্ন সরকারি ত্রাণ বিতরণ করার দায়িত্ব দেন সাহা নামে এক যুবকসহ অন্যদের। এ ঘটনায় ওয়ার্ড সদস্য ইব্রাহিমের লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষের লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় একপক্ষ অন্যপক্ষের ওপর টেঁটা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন।
তবে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন জানান, করোনা ভাইরাস থেকে এলাকাবাসীকে সুরক্ষা দিতে গত ৩ দিন আগেই মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। এ নিয়ে কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, দুই পক্ষের ব্যক্তিগত ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সংঘর্ষ হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আমি যতটুকু শুনেছি ইউপি চেয়ারম্যান সরকারি কিছু ত্রাণ বিতরণ করতে তার নিজের এক লোককে দায়িত্ব দেন। স্থানীয় ইউপি সদস্যকে সেই দায়িত্ব না দেওয়ায় এ নিয়ে ক্ষোভ থেকে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। ওসি আরও বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ দিলে আমরা যথাযথ ব্যবস্থা নেব।
বার্তাবাজার/এমকে