করোনা প্রতিরোধে আশুলিয়া ও ধামরাইয়ে ছাত্রলীগের বিভিন্ন উদ্যোগ

করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকার ধামরাই ও সাভারের আশুলিয়ায় বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ধামরাই উপজেলা ইউনিট এবং ঢাকা জেলা উত্তর।

সোমবার (৩০ মার্চ) ধামরাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, সাবান বিতরণ, মাস্ক বিতরণ এবং গণপ্রচারণার অংশ হিসেবে মাইকিং করা হয়। ধামরাই উপজেলা ছাত্রলীগ শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে করোনা মোকাবেলার জন্য।

এরই ধারাবাহিকতার অংশ হিসেবে উপজেলার গাংগুটিয়া ইউনিয়ন, সানোড়া ইউনিয়ন, সুতিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক এবং জনসচেতনতার অংশ হিসেবে মাইকিং করা হয়।

ছবি: বার্তাবাজার।

এব্যাপারে ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক মোঃ রবিউল আওয়াল (রুবেল) বলেন, দেশ এখন দুর্যোগপূর্ণ সময় পার করতেছে, এখন যদি আমরা জনগণের কথা চিন্তা না করি, তাহলে কে করবে? জনগণকে সচেতন করাই আমাদের লক্ষ্য, সেই সাথে আমরা এলাকার দুস্থ মানুষের একটি তালিকা করেছি। আমাদের ব্যক্তিগত উদ্যোগে যতটুকু পারি তাদেরকে সহায়তা করব।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা সুমন চৌধুরী, সুজন হোসেন, নাঈম মিয়া, মোঃ রবিউল, শফিকুল ইসলাম, আব্দুর রহিম, মুজিবুর রহমান, সানোড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মানিক মিয়া, সুতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা গোবিন্দ সূত্রধর প্রমুখ।

এদিকে, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ এর উদ্যোগে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকার বিভিন্ন ঔষধ, মুদি এবং কাঁচা বাজারে মালামাল ক্রয় করার সময় নির্দিষ্ট সামাজিক দূরত্ব (৩ ফুট) যাতে বজায় থাকে এব্যাপারে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। এসময় ওইসব দোকানের সামনে ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ নিজে রং দিয়ে গোল দাগ চিহ্নিত করে দেন।

ছবি:বার্তাবাজার।

এব্যাপারে শাহীন চৌধুরী দ্বীপ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ বিভিন্ন সচেচনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। অসহায় খেটে খাওয়া পরিবারকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রদানের পাশাপাশি তাদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও প্রদান করা হয়েছে।

এসময় তিনি আরও বলেন, তবে সাধারণ মানুষ বাজারে এসে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখছেনা। এজন্যই আজ (সোমবার) শ্রীপুর এলাকার বাজার ও দোকানগুলির সামনে তিন ফুট দূরত্ব রেখে গোল দাগ দিয়ে চিহ্নিত করে দেয়া হয়েছে। এতে করে মানুষ সচেতন হবে এবং এই দূরত্ব বজার রাখার মাধ্যমে করোনার সংক্রমন থেকেও রেহাই পাবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর