ইবির আইসিটি বিভাগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি, বিনামূল্যে বিতরণ
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুরক্ষায় ব্যবহারের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিনামূল্যে বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ।
প্রাথমিকভাবে প্রস্তুতকৃত এসব স্যানিটাইজার বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয়দের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, আইসিটি বিভাগের শিক্ষক এবং প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন এর নেতৃত্বে বিভাগটির ল্যাবরেটরিতে এসব হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা হয়।
সোমবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা, ইবি থানা এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাজে নিয়োজিত আনসার সদস্যসহ ক্যাম্পাস সংলগ্ন স্থানীয় বিভিন্ন বাসাবাড়ি, মসজিদ এবং বাজারে বিনামূল্যে এসকল হ্যান্ড স্যানিটাইজার বিতরণের পাশাপাশি জীবাণুনাশক ঔষধ স্প্রে এবং মাস্ক বিতরণ করা হয়েছে।
হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুতকারী দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং করোনা ভাইরাস প্রতিরোধ সেলের আহ্বায়ক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন। এ দলের অন্যান্য সদস্যরা হলেন, বায়োমেডিক্যাল বিভাগের প্রভাষক মো: আরিফুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের প্রভাষক বিপুল রায় প্রমুখ।
এবিষয়ে ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা আমাদের দায়িত্বের একটি অংশ। আমাকে নির্দেশনা, উৎসাহ প্রদান এবং বর্তমান পরিস্থিতিতে কাজ করার সুযোগদানের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী স্যার এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস সচেতনতা মেনে চলুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন, নিজে সুরক্ষিত থেকে অন্যকে সুরক্ষিত করুণ। উল্লেখ্য, গত ২৬ শে মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হারুন-উর-রশিদ আসকারী ফলিত রসায়ন এবং কেমিকৌশল বিভাগের ল্যাবে এ হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন এবং বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানা যায়।
কেএ/বার্তাবাজার