করোনা মোকাবিলায় জনগণকে আরো সতর্ক করা প্রয়োজন : তথ্যমন্ত্রী

কিছু অনলাইন নিউজ পোর্টাল থেকে নানা ধরনের ভুয়া খবর পরিবেশন করা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করার জন্য অনেক সংবাদ পরিবেশন করা হয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার মন্ত্রী তার মিন্টু রোডের সরকারি বাসভবনে গণমাধ্যম নেতাদের সাথে বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা জানান।

নিউজপেপারস ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ কে আজাদ, নির্বাহী সদস্য মতিউর রহমান ও তারিক সুজাত, সম্পাদকীয় পরিষদের সভাপতি মাহফুজ আনাম, সাধারণ সম্পাদক নঈম নিজাম, এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (এটকো) সিনিয়র সহসভাপতি ও এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল হক বাবু, এটকোর অন্যতম পরিচালক ইকবাল সোবহান চৌধুরী বৈঠকে যোগ দেন।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন এসময় উপস্থিত ছিলেন।

তিনি জানান , বর্তমান দেশের যে করুন অবস্থা তাতে করে গুজব না ছড়িয়ে আসল সত্য প্রচার করতে হবে। এজন্য মূলধারার মিডিয়াগুলো ভূমিকা রাখতে পারে, রাখছে, আরও কিভাবে জোরালো ভূমিকা রাখতে পারে সে বিষয়েও তারা কাজ করবে। যারা এ ধরনের কাজ করছে তাদের চিহ্নিত করে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এজন্য আমরা মূলধারার মিডিয়ার সহায়তা চেয়েছি।

তথ্যমন্ত্রী আরো জানান , আমরা একমত হয়েছি এই সময় জনগণকে মোটেই আতঙ্কিত করা ঠিক নয়। বরং জনগণকে সতর্ক করা প্রয়োজন। এই সংকটময় মুহূর্তে আমাদের, সরকারের কী করা দরকার তা নিয়েও আলোচনা করেছি। একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর