ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের পুত্র প্রিন্স চার্লস প্রাণঘাতী করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় তাকে সমবেদনা জানিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৯ মার্চ) প্রধানমন্ত্রী প্রিন্স চার্লসের প্রতি এ সমবেদনা জানান।
প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব সারওয়ার-ই-আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রী চিঠিতে উল্লেখ করেন, প্রিন্স অব ওয়েলস বাংলাদেশের একজন গভীর বন্ধু। এলিজাবেথের পুত্র প্রিন্স চার্লসের গতিশীল নেতৃত্বেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। চিঠিতে প্রধানমন্ত্রী প্রিন্স চার্লসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বের কথাও তুলে ধরেন।
চিঠিতে প্রধানমন্ত্রী আরো উল্লেখ্য করেন, পানি ও জলবায়ুর বৈশ্বিক সংকট মোকাবিলায় প্রিন্স চার্লসের প্রচারণা ও পরামর্শের জন্য অতি দ্রুত তার রোগমুক্তির অপেক্ষা করছি।
চিঠিতে প্রধানমন্ত্রী আরো বলেন, যুক্তরাজ্যের নাগরিকদের শান্তি, প্রগতি ও সমৃদ্ধির জন্য কোভিড-১৯ এ আক্রান্ত প্রিন্স চার্লসের দ্রুত সুস্থ হওয়া প্রয়োজন।
উল্লেখ্য, রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র ও ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস ২৫ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হন। রাজ পরিবারের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়, বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়েল স্কটল্যান্ডের বাড়িতে সেলফ আইসোলেশনে রয়েছেন।
বার্তাবজার/এম.এম