কথিত দম্পতির পেটে মিললো ১০৫০ পিস ইয়াবা!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিনব কায়দায় কথিত এক দম্পতির পেট থেকে ১০৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই দম্পতিসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের মিঠুন মুন্সীর বাড়ী অভিযান চালিয়ে ওই দম্পতি ও বাড়ীর আশ্রয়দাতাকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে। কথিত দম্পতিরা হলো- পিরোজপুর জেলার পশ্চিম ডুমুরতলা গ্রামের আবু আল শেখের ছেলে মিরাজ শেখ ও ঢাকার ধামরাই থানার দেলোয়ার হোসেনের কন্যা জাকিয়া সুলতানা।

রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের অ্যাডিশনাল এসপি গাজী রবিউল ইসলাম জানান, আন্তজেলার পেশাদার মাদক ব্যবসায়ী কথিত দম্পতিরা টেকনাফ থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে মাওয়াঘাটে পৌছাঁতে শনিবার রাত হয়ে যায়। এসময় কোন গাড়ী না পেয়ে এদের পূর্ব পরিচিত মিঠুন মুন্সীর সহায়তায় তার বাড়ীতে রাতে অবস্থান নেয়।

পুলিশ গোপন সংবাদ পেয়ে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমানের নেতৃত্বে এসআই শফিক সহ একদল পুলিশ মিঠুন মুন্সির বাড়ীতে অভিযান চালায়। তখন ঐ দম্পতিকে মিঠুর ঘর থেকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

এক পর্যায়ে ধৃত দম্পতিকে এক্সরে ও আল্ট্রাসোনোগ্রাম করে তাদের পেটের ভিতর মাদক রয়েছে বলে নিশ্চিত হন। পরে তাদের মল ত্যাগ করিয়ে মিরাজের পেট থেকে পঞ্চাশটি করে সতেরটি পুটলা ও তার কথিত স্ত্রী জাকিয়ার পেট থেকে পঞ্চাশটি করে চারটি পুটলা (মোট এক হাজার পঞ্চাশ পিছ ইয়াবা) বের করা হয়। এই দম্পতির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

অ্যাডিশনাল এসপি আরো জানান, ওই দম্পতি পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক আইনে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। এ ঘটনায় মিঠুন মুন্সিসহ ওই দম্পতির বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর