করোনা: সবাইকে ঘরে থাকার আহ্বান সাঈদ খোকনের

মহামারি করোনাভাইরাস রক্ষা পেতে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সাঈদ খোকন বলেন, আমি নির্বাচিত মেয়র হিসেবে সবাইকে আহ্বান করবো সবাই যেন ঘরে থাকেন। আপনারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না। সরকার আপনাদের পাশে আছে। সিটি কর্পোরেশন আপনাদের পাশে আছে। আমিও আপনাদের পাশে আছি। যে কোনও সমস্যায় আমাকে আপনারা পাবেন। দয়া করে ঘরে থাকুন।

আজ রবিবার (২৯ মার্চ) বিকেলে মাসব্যাপী ছিন্নমূল খেটে-খাওয়া মানুষের মাঝে খাদ্যসাগ্রী বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে মেয়র এ আহ্বান জানান।

সাঈদ খোকন আরও বলেন, আমরা ৫০ হাজার পরিবারকে এক মাস নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমাদের কার্যাক্রম চলমান রয়েছে। আমাদের ওয়ার্ড পর্যায় থেকে তালিকা প্রণয়ন করা হয়েছে। আজ রিকশাচালকসহ অন্যান্যদের মাঝে বিতরণ করা হয়েছে। যেন তারা কর্মহীন অবস্থায় খাদ্যসংকটে না থাকে- সে জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি।

মেয়র বলেন, আমরা আনন্দিত হয়েছি যে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে অনেক বিত্তবান ও স্বচ্ছল মানুষ এসব অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটা শুভ লক্ষণ। আপনারা কোনও চিন্তা করবেন না। সরকার আপনাদের পাশে রয়েছে। আমরা যেসব খাদ্যসামগ্রী বিতরণ করছি তাতে করে ৪ থেকে ৫ জনের পরিবারের প্রায় এক মাস চলে যাবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর