দরজায় তালা লাগিয়ে ঘরে থাকা পুরো পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টা!

এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। পূর্বশত্রুতার জের ধরে একটি পরিবারের সবাইকে পুড়িয়ে মারার পরিকল্পনা কোনো সভ্য মানুষের থাকতেও পারে না।

শনিবার (২৮ মার্চ) গভীর রাতে এমন ঘটনাই ঘটেছে গোপালগঞ্জ সদর উপজেলার আন্ধারকোটা গ্রামের ইব্রাহীম ফকির ও তার পরিবারের সাথে। বসবাস করার ঘরটির চারদিকে কেরোসিন ঢেলে তাদের সবাইকে হত্যা করার চেষ্টা করা হয় বলে জানা গেছে।

রোববার (২৯ মার্চ) সকালে গোপালগঞ্জের বৌলতলী ফাঁড়ির পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিবারটির কর্তা ইব্রাহিম ফকির জানান, রাতে বৃদ্ধা মা, স্ত্রী ২ ছেলে, ২ মেয়ে ২ নাতিকে নিয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। ঘরের বারান্দায় ঘুমিয়ে থাকা তার ছেলে বাদল আগুনের তাপ টের পেয়ে প্রথমে চিৎকার করে। বাদলে চিৎকার শুনে ইব্রাহিম ফকির দরজা খোলতে গিয়ে লক্ষ্য করেন বাইরে থেকে তালা দেয়া।

এসময় ঘরের বেড়া পর্যন্ত আগুন ছড়িয়ে পড়লে দ্রুত পরিবারের সবাইকে নিয়ে আরেকটা দরজা খোলে ঘর থেকে বের হয়ে আসেন। পরে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানো হয়।

ইব্রাহিম ফকির অভিযোগ করেন, স্থানীয় উলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার রইস মিনারের সাথে তার রাজনৈতিক দন্দ্ব চলছে। বিভিন্ন সময়ে রইস মিনার তাকে হুমকিও দিয়েছে। তাই এই আগুন লাগানোর পিছনে রইস মিনারের হাত আছে।

সরেজমিন ইব্রাহীম ফকিরের বাড়িতে পরিদর্শনে গিয়ে বসতবাড়ির চারপাশে কেরোসিন লাগানো টুকরো কাপড় পাওয়া যায় এবং বৈদ্যুতিক মিটারটিও আগুন পোড়া অবস্থায় দেখা যায়।

এদিকে রইস মিনার জানায়, ইব্রাহীম ফকিরের সাথে আমার কোনো শত্রুতা নাই। আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করতে চাচ্চি। তাই তারা আমার সাথে এমন করছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করছি।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সালাহউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর