সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে লক ডাউন অবস্থায় সাধারণ খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। ঘর থেকে বের হতে না পেরে খাদ্য সংকটে ভুগছেন অনেক পরিবার। গ্রামের দুস্থ্য ও দিনমজুর পরিবারের পাশে এসে দাঁড়াচ্ছেন অনেকেই। দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল উপজেলায় ১ হাজার গরীব ও দুস্থ্য পরিবারকে খাদ্যসামগ্রি বিতরণ করেছেন দিনাজপুর-১ আসনের সাংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি।
রবিবার (২৯ মার্চ) সকাল থেকে দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল তাঁর নির্বাচনী এলাকায় ১ হাজার পরিবারে এই খাদ্যসামগ্রি বিতরণ করেন। দুই পায়ের তালুতে গত ৫ দিন আগে অপারেশন করান এই সাংসদ সদস্য। পুরোপুরি সুস্থ্য হতে না হতেই ওই অবস্থায় তিনি সবার বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি চাল, এক কেজি ডাল, ৫ কেজি আলু, তেল ও অন্যান্য খাদ্যসামগ্রি পৌঁছে দিয়েছেন।
খাদ্য সংকটময় এই মুহূর্তে চাল, ডাল, তেল, আলু পেয়ে খুশি অনেকেই। ১০ কেজি চাল, তেল, ডাল ও আলু পেয়ে নিজের ভালো লাগার কথা প্রকাশ করেছেন সাধারণ মানুষজন। কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের খোসাল পাড়ার শ্রী কার্তিক রায় বলেন, ‘আজ চার দিন ধরে বাড়ির বাইরে বের হইনি। আমি দিনমজুরের কাজ করি।
বাড়ি থেকে বের না হলে কাজও হয় না। আবার বর্তমানে কোথাও কাজ নেই। জমানো টাকা যা ছিল তা দিয়ে এই চারদিন বসে বসে খেয়েছি। আজকে আমাদের এলাকার এমপি মহোদয় এসে বাড়িতে চাল, ডাল, তেল, আলু এসব দিয়ে গেছেন। আমাদের এই সংকটময় মুহূর্তে তিনি এসব দিয়ে যাওয়ায় কিছুটা হলেও সস্তি পাওয়া যাবে।’
বীরগঞ্জ পৌরসভার মুচিপাড়া এলাকার মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের এই চরম সংকটময় অবস্থায় এমপি সাহেব আমাদের বাড়িতে এসে চাল, ডাল, তেল ও আলু দিয়ে গেছেন। বর্তমানে সরকারি আদেশ মেনে বাড়িতেই অবস্থান করছি আমি ও আমার পরিবারের সদস্যরা। রিক্সা চালিয়ে আমি সংসার পরিচালনা করি। এখন রিক্সাও চালাতে পারছি না। এই সময় এমপি সাহেব যেগুলো দিয়েছেন তা দিয়ে পুরো পরিবার কয়েকদিন চলতে পারব।’
খাদ্যসামগ্রি বিতরণের বিষয়ে দিনাজপুর-১ আসনের সাংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, ‘আমি নিজেও অসুস্থ্য। গত কয়েকদিন আগে আমার দুই পায়ের তালুতে কোর্ণ (মাসকাটা) অপারেশন করিয়েছি। কিন্তু দেশের এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।
জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতি ও আমার নির্বাচনী এলাকায় যারা আমাকে ভোট দিয়ে আস্থা রেখেছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা খাদ্যসামগ্রি বিতরণ করেছি। বর্তমান সময়ে গরীব, মহেনতি মানুষের পাশে দাঁড়ানোর মোক্ষম সময়। আমাদের সাধ্যে যতটুকু পেরেছি সাধারণ মানুষকে দিয়েছি। দুস্থ্য পরিবারের মাঝে আমরা চাল, ডাল, আলু, তেল সরবরাহ করেছি। আমি চেষ্টা চালিয়ে যাব সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকার জন্য।’
খাদ্যসামগ্রি বিতরণের সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক হোসেন, বীরগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) রমিজ আলম, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম ফিরোজ আলম প্রমুখ।
বার্তা বাজার / ডাব্লিও.এস