সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা মহিলা ডিগ্রী কলেজের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন স্কুল ও একজন কলেজ ছাত্রসহ দুই জন নিহত হয়েছে। শনিবার রাতে জরুরী ঔষধবাহী একটি মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হল, মোটরসাইকেল আরোহী পাটকেলঘাট থানার শাকদহ গ্রামের মাদার মন্ডলের ছেলে ও পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশিষ কুমার মন্ডল (১৭) এবং একই গ্রামের শিবপদ মন্ডলের ছেলে ও ইসলামকাটি টেকনিক্যাল এন্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুকুন্দ কুমার মন্ডল (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড় ১০টার দিকে পাটকেলঘাটা থানার মির্জাপুর এলাকা থেকে আশিষ ও মুকুন্দ মন্ডল একটি মোটরসাইকেলে পাটকেলঘাটা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় সাতক্ষীরা থেকৈ খুলনাগামী একটি জরুরী ঔষধবাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই ছাত্র গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে সকালে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মাইক্রোবাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর