গল্প নয়, এ বাস্তব। স্প্যানিশ ফ্লু, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবই দেখলেন তিনি। মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে পাশ কাটিয়ে চলে এলেন একবিংশ শতাব্দীতে। এবারে যমের মতো দাঁড়িয়ে ছিল কোভিড–১৯। তার কবলেও গেলেন। কিন্তু নাহ, এবারেও না। একগাল হেসে সুস্থ হয়ে ফিরে এলেন বাড়ি।
১০১ বছরের স্প্যানিশ বৃদ্ধ। নাম, ‘মি. পি’। এটুকুই জানা গিয়েছে। ইটালির এই বাসিন্দা আক্রান্ত হন করোনায়। ইটালির রিমিনি শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ডেপুটি মেয়র গ্লোরিয়া লিসির তথ্য অনুযায়ী, ‘মি. পি’ গত সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেখানে রক্ত পরীক্ষায় তার শরীরে কোভিড–১৯ পজেটিভ ধরা পড়ে, যে ভাইরাসের কারণে সারা বিশ্ব আজ বিপন্ন। ‘মি. পি’–কে তখনই কোয়ারেন্টিনে রাখা হয়।
গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়, তিনি ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। তাঁকে হাসপাতাল থেকে মহা সমারোহে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এই প্রসঙ্গে মেয়র লিসি জানিয়েছেন, বিশ্বের সব চাইতে বরিষ্ঠ নাগরিক ‘মি. পি’, যিনি এই সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এই অসম্ভবকে সম্ভব করা গেল খোদ ইতালিতে। শুধু তাই নয়। ‘মি. পি’ জন্মেছেন ১৯১৯ সালে। সে সময় স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়ে সারা দুনিয়ায় মারা গেছিলেন ৩০ থেকে ৫০ মিলিয়ন মানুষ। কিন্তু আজকের এই বৃদ্ধ কিন্তু লড়াই করেছিলেন এই ফ্লুর বিরুদ্ধে।
এখানেই শেষ নয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও তিনি সাক্ষী। আর আজ তিনি আশার আলো দেখালেন করোনা আক্রান্তদের। তিনিই এখনও পর্যন্ত বরিষ্ঠতম নাগরিক যিনি কোভিড–১৯–কে জয় করতে পারলেন।
বার্তাবাজার/কে.জে.পি