করোনা-ঝড়ে আমরা সবাই এক নৌকায়: পোপ

এক দিনে ৯৬৯ জনের মৃত্যুতে শুক্রবার রেকর্ড গড়েছিল ইটালি। সেই রেকর্ড না ভাঙলেও আজ ফের ৮৮৯ জনের মৃত্যু হল। আর সেই সঙ্গেই মৃতের সংখ্যা ছুঁয়ে ফেলল ১০,০২৩।

আক্রান্তের নিরিখেও চিনকে ছাপিয়ে গিয়েছে ইটালি— ৮৬,৪৯৮। চিনে সংখ্যাটা ৮১,৩৯৪। তবে সংক্রমণ-তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে আমেরিকা। সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, ১ লক্ষ ৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত আমেরিকায়। মৃত্যু হয়েছে ১,৭১৭ জনের।

পোপ ফ্রান্সিস বলেন, ইতিহাসে এ ঘটনা প্রথম। ভক্তদের ভিড় করার চেনা ছবি উধাও। কোথাও কেউ নেই। ব্যাসিলিকায় দাঁড়িয়ে পোপ একা, শহরবাসীদের জন্য প্রার্থনা করছেন। তিনি বলেন, ‘‘চারদিকে ঘন অন্ধকার, শহর, রাস্তাঘাটে। অনেকের প্রাণ গিয়েছে। নিস্তব্ধতায় মোড়া চারপাশ। আর হতাশা। আমাদের ভয় করছে, মনে হচ্ছে কোন আঁধারে হারিয়ে যাচ্ছি…।’’ আরও বলেন, ‘‘করোনাভাইরাস যদি ঝড় হয়, আমরা সবাই কিন্তু একই নৌকায় রয়েছি।’’ রেডিয়া, টেলিভিশনে সম্প্রচার করা হয় পোপের প্রার্থনা।

দু’দিন আগেই জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল গোটা বিশ্বে অন্তত ৫ লাখ মানুষ আক্রান্ত। কিন্তু দু’দিনেই সেই তালিকায় যোগ হয়েছে আরও এক লক্ষ মানুষের নাম। যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে চিন্তায় বিশেষজ্ঞেরা। এই মুহূর্তে গোটা বিশ্বের ১৮৩টি দেশে মোট সংক্রমিত ৬,৪২,২২০ জন। মৃত্যু হয়েছে ২৯,৯০৮ জনের।

ভয়াবহ অবস্থা ইউরোপের। শুক্রবার ইটালিতে এক দিনে ৯৬৯ জন মারা গিয়েছেন। স্পেন সামান্যই পিছিয়ে। এক দিনে সে দেশে মারা গিয়েছেন ৮৩২ জন। মোট মৃত্যু ৫৬৯০। চিনকে পিছনে ফেলে দিয়েছে এই দুই দেশই। চিনে মোট ৩২৯৫ জন মারা গিয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর