করোনা ভাইরাস : কোয়ারেন্টাইন হতে পারে মিরপুর স্টেডিয়াম

চলমান মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। এ কারণে বাংলাদেশেও সব ধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। দেশের এমন করুণ অবস্থায় মিরপুরের হোম ক্রিকেট গ্রাউন্ডকে করোনা ভাইরাসের কোয়ারেন্টাইনের জন্য দিতে প্রস্তুত বিসিবি।

শনিবার (২৮ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস। তিনি মনে বলেন, মানবিক দিক চিন্তা করেই মিরপুরের হোম অব ক্রিকেটকে কোয়ারেন্টিনের জন্য দিতে কোনো আপত্তি নেই বিসিবির।

জালাল ইউনুস বলেন, ‘দেখেন এটা আমাদের দায়িত্ব। শুধু আমাদের না, যে সময় এসেছে তাতে সবারই সবার পাশে দাঁড়ানো উচিৎ বলে আমি মনে করি। বিশ্বব্যাপী করোনা যে ভয়ংকর রূপ ধারণ করেছে এবং এদেশেও যে হারে ছড়িয়ে পড়ছে তাতে আমাদের সরকারের যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম রোগীদের চিকিৎসার জন্য দিয়ে দেব। না দেওয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে এটি একটি বৈশ্বিক দূর্যোগ। যা মোকাবিলায় সবাইকে একাট্টা হয়ে কাজ করতে হবে।’ করেনা প্রতিরোধে সরকারের পাশে দাঁড়িয়েছেন তামিম-মুশফিকরা। বিসিবির কেন্দ্রীয় চুক্তির ১৭ ক্রিকেটার ও তার বাইরের ১০ ক্রিকেটারসহ মোট ২৭ জন তাদের বেতনের অর্ধেক করোনা মোকাবিলায় দান করেছেন। এছাড়াও অনেক ক্রিকেটারও নিজ নিজ উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর