করোনা প্রতিরোধে সরকার কর্তৃক জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। কথা ছিল বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেয়ার। অথচ কিশোরগঞ্জের ডিসির ক্ষেত্রে চিত্রটা ঠিক উল্টো। খবর দিয়ে মানুষ জড়ো করে দিয়েছেন খাদ্য সহায়তা। আবার ঘটনাস্থলে সাংবাদিক ডেকে করেছেন প্রেস ব্রিফিংও। শনিবার (২৮ মার্চ) কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ এলাকায় জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী এমন উদ্ভট কাজ করেছেন বলে জানা গেছে।
জানা যায়, রোনাভাইরাস প্রতিরোধে অতি দরিদ্র ও দুস্থদের জন্য মহিনন্দ এলাকায় খাদ্য সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন ডিসি সারওয়ার মুর্শেদ চৌধুরী। সাথে ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়া, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মনসুর আলীসহ আরও অনেকেই।
মহিনন্দ ইউনিয়ন ভূমি অফিসের সামনে জনসমাবেশ করে এই খাদ্য বিতরণ কর্মসূচী ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ডিসি সারওয়ার মুর্শেদ চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জনসমাবেশের কথা অস্বীকার করে বলেন, খাদ্য বিতরণের সময় সবাই সামাজিক দুরত্ব বজায় রেখেছিল। প্রেস ব্রিফিংও হয়নি। সাংবাদিকদেরকে প্রেস রিলিজ দেয়া হয়েছে।
অথচ জেলা প্রশাসকের লোক ডেকে ভিড় করা ছবি ফেসবুকে ভাইরাল হলে অনেক সমালোচনার জন্ম হয়। অনেকে বলছেন, আজ ডিসির যায়গায় কোনো গরীব লোক থাকলে তাকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হতো।
বার্তাবাজার/এসজে