আবার শুরু আ’লীগ নেতার ইন্ধনে বন্ধ হওয়া হাসপাতালের নির্মাণ কাজ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজধানীর তেজগাঁওয়ে আকিজ গ্রুপের একটি হাসপাতাল তৈরিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছিল। তবে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করায় আবার নির্মান কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, শনিবার(২৮ মার্চ) দুপুরে কিছু লোক এসে হাসপাতালটি নির্মাণের প্রতিবাদ জানায়। তারাই জোর করে বন্ধ করে দেয় হাসপাতালের অবকাঠামো নির্মাণ। পরে সেখানে ঢাকা উত্তর সিটির ২৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ও তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শফিউল্লাহ শফি এসে জনতাকে শান্ত করেছেন বলে নিজেই দাবী করেছেন।

সাংবাদিকদেরকে ওই কাউন্সিলর জানান, এই জায়গায় করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য হাসপাতাল হবে শুনে এলাকার প্রায় ১ হাজার লোক এসেছিল। আমি তাদের বুঝিয়ে শান্ত করি।

ঘটনাস্থল থেকে তেজগাঁও থানার এসআই রুহুল আমিন জানান, কাউন্সিলর আসার পর কিছু স্থানীয় লোক এখানে ছিল। পরে পুলিশ আসায় চলে গেছে। বর্তমানে পরিস্থিত শান্ত রয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান গণমাধ্যমকে বলেন, এটি একটি ভালো কাজ। আমরা এ ধরনের উদ্যোগের পক্ষে। সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

এলাকার লোকজন কাউন্সিলরের সমালোচনা করে বলেন, সমাজে কিছু লোক থাকে তারা যে কোনো ভালো কাজে বাধা তৈরি করে। স্থানীয় জনগণকে উসকে দিয়ে ব্যক্তিগত ফায়দা লুটতে চায়। লোক পাঠিয়ে আবার নিজেই এসেছেন সরিয়ে নিতে। করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় জনগণকে কোনো ধরনের সহযোগিতা এই ওয়ার্ড কাউন্সিলর করছে না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর