বৈদ্যুতিক শর্টসাকিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই ২৫ দোকান

খাগড়াছড়িতে বৈদ্যুতিক শর্টসাকিট থেকে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মাটিরাঙ্গার সীমান্তঘেঁষা তাইন্দং বাজারের ২৫টি দোকান।

শনিবার (২৮ মার্চ) বিকাল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

করোনাভাইরাস রোধে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী বাজারের দোকানগুলোবন্ধ ছিল। তাইন্দং বাজারের আমির হোসেনের হার্ডওয়্যারের দোকান থেকে এই আগুনের সুত্রপাত হয় বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

তাইন্দং বাজারের কম্পিউটার দোকানদার মো. আনোয়ার হোসেন বলেন, তার দোকানে প্রায় ৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে তাইন্দং বাজারের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলেও জানান তিনি। স্থানীয় ব্যবসায়ীদের ঘুড়ে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা দাবি করেন তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাটিরাঙ্গা ইউনিটের স্টেশন মাস্টার মো. সাদেকুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর