পল্লী অঞ্চলে সামাজিক দূরত্ব নিশ্চিতে ‘সুরক্ষা বৃত্ত’
সারা বিশ্বে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা থেকে রক্ষা পেতে প্রয়োজন সামাজিক দূরত্ব বজায় রাখা। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, রাস্তাঘাটে বা দোকানের সামনে দূরত্ব বজায় রেখে বৃত্ত আঁকা, আর সেই গোলাকার বৃত্তে দাঁড়াবে মানুষ।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শহর অঞ্চলে এমন চিত্র দেখা গেলেও গ্রাম অঞ্চলে খুব কমই দেখা মেলে। সামাজিক দূরত্ব নিশ্চিতে সুরক্ষা বৃত্তের এমন দৃশ্য ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পল্লী অঞ্চলের জাটিগ্রাম বাজারে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, জাটিগ্রাম বাজারে মুদি ব্যবসায়ী ফারুক মিয়া, সত্যজিৎ পাল, বিপ্লব পাল, মিজানুর মোল্যা, ওষুধ ব্যবসায়ী মকিবুল হাসান সহ বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় দোকানে তারা নিজেরাই উদ্যোমী হয়ে দোকানের সামনে রং দিয়ে এঁকেছে তিন ফুট দূরে দূরে গোল বৃত্ত। আর এসব বৃত্তের মধ্যে দাঁড়িয়ে কেনাকাটা করছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে ব্যবসায়ীরা বার্তা বাজারকে জানান, ‘ আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে এই সুরক্ষা বৃত্ত এঁকেছি। দোকানে পণ্য কেনার সময় কাছাকাছি থেকে যেন কেউ করোনাভাইরাসে আক্রান্ত না হয় সেজন্য এ ব্যবস্থা করা হয়েছে।’
কেএ/বার্তাবাজার