দুস্থদের জন্য আমার এই ত্রান বিতরণ চলমান থাকবে: ইশরাক

দেশে চলমান করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় মানুষদেরকে ত্রান দিয়ে পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটিতে ধানের শীষ প্রতীকে মেয়র পদে নির্বাচন করা প্রকৌশলী ইশরাক হোসেন।

শনিবার (২৮ মার্চ) বিকালের দিকে তার গোপীবাগের বাসার সামনে থেকে দুস্থ ও অসহায়দের মাঝে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি।

ইশরাক হোসেন তার নিজের ফেসবুক পেইজে এই কার্যক্রমের কিছু ছবি শেয়ার করে তিনি লিখেন, নগরীর প্রত্যেকটা এলাকার দুস্থদের জন্য পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি করোনা মোকাবেলায় তার ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু পদক্ষেপেরও ঘোষণা দেন তিনি।

বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, মুড়ি, টোস্ট বিস্কুট, সাবান, স্যাভলন, মাস্ক এবং হ্যান্ড গ্লাভস। পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিদিনই ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে দুস্থদের খুঁজে বের করে তাদের মাঝে ত্রাণ পৌঁছে দেয়ার কথাও উল্লেখ করেন তিনি। আর এ ব্যবস্থাপনা চলবে তার প্রয়াত বাবা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদের উদ্যোগে।

একইসাথে ইশরাক হোসেন বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন তারা যেন অসহায় মানুষের পাশে থাকেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর