নোয়াখালীতে জ্বরে মারা যাওয়া যুবকের শরীরে করোনার অস্তিত্ব মেলেনি

নোয়াখালীতে জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৩ বছর বয়সী যুবক করোনা আক্রান্ত ছিল না। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে জ্বরে আক্রান্ত ওই যুবককে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। করোনায় মৃত্যু সন্দেহে ওই যুবকের মরদেহের কাছে কাউকে যেতে দেয়নি স্থানীয় প্রশাসন। তবে শনিবার নিজের ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাসের মাধ্যমে জেলা প্রশাসক তন্ময় দাস জানিয়েছেন, ‘জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

জেলা প্রশাসক তার স্ট্যাটাসে লিখেন, ‘‘গতকাল চৌমুহনী এলাকায় মৃত্যুবরণকারী জনাব নিলয় মজুমদার(২৩) এর করোনা সংক্রান্ত রিপোর্ট নেগেটিভ এসেছে। তার আত্মার শান্তি কামনা করছি।’’

জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান বার্তা বাজারকে জানান, ‘জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া বেগমগঞ্জের চৌমুহনী এলাকার ওই যুবকের করোনা সংক্রান্ত রিপোর্ট নেগেটিভ এসেছে।’

প্রসঙ্গত, ছয়-সাত দিন ধরে জ্বরে ভুগছিলেন মারা যাওয়া ওই যুবক। পরে স্থানীয় এক চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন । বৃহস্পতিবার সন্ধ্যায় ওই যুবকের বমি হচ্ছে এবং সঙ্গে রক্ত যাচ্ছে জানানোর পর নোয়াখালী সদর হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয় । পরে হাসপাতালে নেয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

বার্তা বাজার / ওয়ালিদ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর