সেই লাঞ্ছিত বয়োবৃদ্ধদের বাড়ি গিয়ে ক্ষমা চাইলেন ইউএনও

যশোরের মণিরামপুরে চিনেটোলা বাজারে লাঞ্ছনার শিকার বয়োবৃদ্ধদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে ক্ষমা চেয়েছেন মণিরামপুরের ইউএনও আহসান উল্লাহ শরিফী।

এর আগে শুক্রবার যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের চিনেটোলা বাজারে চার ব্যক্তিকে কান ধরে উঠবস করান সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান

যশোরের মণিরামপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের হাতে লাঞ্ছিত সেই বয়োবৃদ্ধদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ক্ষমা চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উল্লাহ শরিফী।

পাশাপাশি লাঞ্ছিতদের পরিবারের সদস্যদের চাল, ডাল, আলু, তেল, লবণ এবং ক্ষারযুক্ত সাবান দেওয়া হয়। এছাড়া মুজিববর্ষে তাদের প্রত্যেককে ঘর বানিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন ইউএনও আহসান উল্লাহ শরিফী।

মণিরামপুর থানার অফিচার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, শনিবার বেলা ১২টার দিকে ইউএনও আহসান উল্লাহ শরিফী চিনেটোলা বাজারে লাঞ্ছনার শিকার ওই বয়োজ্যেষ্ঠদের বাসায় যান। সেখানে তিনি ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ওসি আরও বলেন, ইউএনও তাদের প্রত্যেকের কাছে দুঃখপ্রকাশ করেন। তাছাড়া তাদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ এবং প্রত্যেককে ঘর তৈরি করে দেয়ার ঘোষণা দেন।

জানতে চাইলে ইউএনও আহসান উল্লাহ শরিফী জানান, তারা সবাই বয়োজ্যেষ্ঠ। আমি যখন হাত ধরে ক্ষমা প্রার্থনা করি, তাদের মুখে হাসি দেখেছি। তারা বাবার বয়সী। উনারা আমাদের ক্ষমা করেছেন।

তিনি আরো বলেন, আপৎকালীন এই সময়ে তারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন সেকারণে কিছু খাদ্যদ্রব্য ও সাবান দেয়া হয়েছে। এছাড়া অগ্রাধিকারভিত্তিতে তাদের ঘর করে দেয়ার ব্যবস্থাও করা হবে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার ও খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর