ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ও পাশ্ববর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করোনা প্রতিরোধে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং করোনা ভাইরাস প্রতিরোধ সেলের আহ্বায়ক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শেখপাড়া বাজারের স্থায়ী দোকান ও অস্থায়ী সবজী বাজারসহ ভ্যান, ট্রাক প্রভৃতি যানবাহনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়েছে। তার সাথে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কারিগরী সহায়তায় উৎপাদিত হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কও প্রদান করা হয়।
জানা যায়, শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস প্রতিরোধ সেলের আহ্বায়ক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মনের তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়। এসময় সহকারী প্রক্টর আরিফুল ইসলাম, শেখ রাসেল হলের আবাসিক শিক্ষক বিপুল রায় এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।
এবিষয়ে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে আমাদের আজকের এ কার্যক্রম। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, এর আগে গত ২৬ শে মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: হারুন-উর-রশিদ আসকারী করোনা ভাইরাস সচেতনতা এবং সুরক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন বলে জানা যায়।
বার্তা বাজার / ডাব্লিও.এস