করোনার চিকিৎসায় হাসপাতাল নির্মাণ, বাধার মুখে কাজ বন্ধ করলো আকিজ গ্রুপ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় চীনের আদলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চ‌ল থানা এলাকায় এটি হাসপাতাল তৈরীর কাজ শুরু করেছিল আকিজ গ্রুপ। তবে স্থানীয়দের বাধায় শনিবার দুপুরে হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।

স্থানীয়দের বাধার পর আকিজ গ্রুপের পক্ষ থেকে এক নোটিশ ঝুলিয়ে হাসপাতাল নির্মাণ কাজ বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির কারও বক্তব্য পাওয়া যায়নি।

তেজগাঁও শিল্পাঞ্চ‌ল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী হোসেন জানান, ‘এই এলাকার কিছু মানুষ সেখানে গিয়ে কাজে বাধা দেওয়ার চেষ্টা করছিল। তাদের দাবি, তেজগাঁও একটি আবাসিক এলাকা। তাই এখানে এমন একটি হাসপাতাল বানালে ঝুঁকি বাড়তে পারে। এজন্য তারা এসেছিল।’

ওসি আরও বলেন, ‘এমন ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকার মানুষকে বুঝিয়েছেন। তারা চলে গেছেন। এখন আর কোনো সমস্যা নেই।’

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের মতো বাংলাদেশেও অস্থায়ী এ হাসপাতালটি তৈরি করার উদ্যোগ নেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন। তিনি নিজ উদ্যোগে তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা শুরু করেন।

জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হওয়ার কথা ছিল। সেইসঙ্গে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানোর কথা ছিল। এরপর বিনামূল্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার কথা ছিল সেখানে। বশির উদ্দিনকে এ কাজে সহায়তা দিচ্ছিলেন দুজন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক।

শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে শেখ বশির উদ্দিন গণমাধ্যমকে বলেছিলেন, ‘হাসপাতাল নির্মাণে কাজ করছি। খুবই ব্যস্ত সময় পার করছি। দেশের এ ক্রান্তিকালে কথা বলার চেয়ে কাজ করা বেশি উত্তম। তাই আগে কাজটা শেষ করতে চাই। সবার সহযোগিতা চাই।’

প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যপী আতঙ্ক সৃষ্টি করেছে। বাংলাদেশে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে ৪৮ জন আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৫ জন। আর বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে সাড়ে ৫ লাখ মানুষ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর