বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের মা রিজিয়া বেগম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১টার কিছুক্ষণ পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পিতা আর বড় ভাইয় তুহিনের ক্যান্সারে মৃত্যুর পর অসুস্থ মা’ই ছিলেন হাবিবুল বাশারের বড় অবলম্বন। তাকে দেখতে মাঝেমধ্যে কর্মব্যস্ততার ভেতরেও কুষ্টিয়া ছুটে যেতেন জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার। কিন্তু আজকের পর থেকে বাড়িতে গেলেও মাকে আর পাবেন না তিনি।
কদিন আগে করোনা আতঙ্কের মধ্যেও অসুস্থ মা কে দেখতে গিয়েছিলেন বাশার। তবে এরপর ২২ মার্চ আবার ঢাকায় ফিরেন তিনি। আর ফিরেই পেলেন এমন দুঃসংবাদ। সারাদেশে যখন গাড়ি বন্ধ, মাকে শেষ দেখা কীভাবে দেখবেন সেটা নিয়েই এখন ভাবছেন এই সাবেক তারকা।
বন্ধু হাবিবুল বাশারের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন নাইমুর রহমান দুর্জয়। ফেইসবুকে এক স্টাটাসে তিনি লিখেন, ‘আমাদের বন্ধু সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের মা আর নেই। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।’
বার্তা বাজার / ডাব্লিও.এস