মাশরাফির চাল পেয়ে খুশি হতদরিদ্ররা

করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে গত দুই দিন ধরে প্রাথমিক পর্যায়ে কর্মহীন ৩০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয় । নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার পক্ষ থেকে এসব বিতরণ করা হয় । করোনাভাইরাসের মধ্যে দিনমজুর হতদরিদ্র প্রতিটি পরিবারকে পাঁচ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি করে ডাল, আলু, পেঁয়াজ ও লবণ এবং একটি সাবান দেয়া হয়েছে।

চালসহ এসব জিনিসপত্র পেয়ে খুশি গরিব মানুষেরা। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিকসহ বিভিন্ন পেশার মানুষ। জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু জানান, মাশরাফি বিন মর্তুজা এমপির নির্বাচনী এলাকা নড়াইল সদরের একাংশ এবং লোহাগড়া উপজেলার এক হাজার ২০০ দরিদ্র পরিবারকে এ খাদ্য সহায়তা দেয়া হবে। প্রাথমিক পর্যায়ে ৩০০ পরিবারকে এ সহায়তা দেয়া হয়েছে।

এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে মাশরাফি তার নিজস্ব তহবিল থেকে ডাক্তার, নার্স এবং সাংবাদিকদের জন্য প্রাথমিক পর্যায়ে ২০০ পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পোশাক) এর ব্যবস্থা করেছেন। পরবর্তীতে আরও ৩০০ পিপিই এর ব্যবস্থা করবেন। এ ব্যাপারে নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার মশিউর রহমান বাবু বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পিপিই আমাদের হাতে এসে পৌঁছায়নি। আশা করছি কালকের (শনিবার) মধ্যে পেয়ে যাবো।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, সংসদ সদস্য হিসেবে নড়াইলের নির্বাচনী এলাকায় চাল ডালসহ অন্যান্য উপকরণ দেয়ার পাশাপাশি খেলোয়াড়দের পক্ষ থেকেও ভূমিকা রাখছেন মাশরাফি। করোনাভাইরাসের এই কঠিন সময়ে ক্রিকেটাররা যে ৩০ লাখ টাকার তহবিল গঠন করেছেন, মাশরাফি সেখানে দিয়েছেন ২ লাখ ২৫ হাজার টাকা। নিজের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করছেন তিনি। এমনটিই জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা এমপির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানি।

বার্তা বাজার / এম এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর