এবার করোনার লক্ষণ যুক্তরাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার শরীরেও
মরণঘাতী করোনাভাইরাসে প্রথমে প্রধানমন্ত্রী, এরপর স্বাস্থ্যমন্ত্রী, এবার যুক্তরাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটির শরীরেও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিয়েছে।
প্রথম দু’জনের টেস্ট রেজাল্ট পজেটিভ আসলেও হুইটির বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি নিজেই ৭ দিনের সেলফ-আইসোলেশনে গিয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) এক টুইটে এ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার রাত থেকেই তার শরীরে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিয়েছে। এজন্য আগামী সাতদিন সেলফ-আইসোলেশনে থাকবেন তিনি।
যুক্তরাজ্যে করোনা সংক্রমণের বিষয়ে তদারকি ও নিয়মিত ব্রিফিং করতেন ক্রিস হুইটি। সেলফ-আইসোলেশনে থাকলেও বাসায় থেকেই নিজের কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে, শুক্রবার এক টুইটবার্তায় নিজের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর ঘণ্টা দুয়েক পরেই অসুস্থ হওয়ার খবর জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তারা দু’জনেই সেলফ-আইসোলেশনে গিয়েছেন এবং বাসায় থেকেই দাপ্তরিক কজকর্ম সারবেন। সূত্র: ডেইলি মেইল
বার্তাবাজার/এমকে