মাস্ক না পরায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

যশোরের মনিরামপুরে মাস্ক না পরার দায়ে কিনা তিন বৃদ্ধকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখলো ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়। রাতে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সামলোচনার ঝড় ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতি করোনাভাইরাসকে মোকাবেলায় সারাদেশে লোকসমাগম না হতে নির্দেশনা দেয় সরকার। তারই অংশ হিসেবে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের নেতৃত্বে বিকেল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

মুখে মাস্ক না পড়ায় চিনাটোলা বাজারে অভিযানের প্রথমে কাঁচা তরকারি বিক্রি করা দুই বৃদ্ধ ও পরে সাইকেল চালিয়ে আসা আরেক বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রাখেন। এ সময় তিনি নিজে আবার মোবাইল ফোনে এ চিত্র ধারণ করেন। এরপর, একজন বৃদ্ধ ভ্যান চালককেও অনুরূপভাবে কান ধরে দাঁড়িয়ে থাকার সাজা দেন।

এ ছবি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনেকেই বয়স্ক নাগরিকদের এভাবে সাজা দেয়াটাকে মেনে নিতে পারেননি। ভ্রাম্যমাণ আদালতের এমন দণ্ড প্রদানকে প্রশ্নবিদ্ধ করেছেন।

বয়স্ক নাগরিকদের এভাবে কান ধরিয়ে দাঁড় করার বিষয়টি দুঃখজনক বলে উল্লেখ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর