করোনাভাইরাস সংক্রান্ত ভুল ও মিথ্যা তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে বিভ্রান্ত করায় এবং জারীকৃত গণবিজ্ঞপ্তি অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ফরিদপুরের বোয়ালমারীতে ৫ জনকে ১৮,৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বোয়ালমারী পৌরসভাসহ তিনটি বাজারে এ অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামের মাহবুবুল ইসলাম করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনকে ভুল ও মিথ্যা তথ্য দেয়া এবং এলাকায় গুজব ছড়াতে চেষ্টা করলে তাকে সংক্রামক ব্যাধির গুজব ছড়ানো দণ্ডবিধি ২০১৮ এর ২৬-১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে করোনাভাইরাস প্রতিরোধে ফরিদপুর জেলা প্রশাসকের জারীকৃত গণবিজ্ঞপ্তি অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে আড্ডা ও সামাজিক নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে বোয়ালমারী বাজারের পান-সুপারী ব্যবসায়ী নিরাপদ চক্রবর্তীকে ৫ হাজার, সাতৈর বাজারের সেলুন ব্যবসায়ী সোহেল শেখকে ৯শত ও চুল-দাড়ী কাটাতে আসা আসিফ হোসেনকে ১ হাজার এবং পৌর সদরের সোতাশী বাজারে চা বিক্রেতা ফারুখকে দোকান খোলা রেখে জনসমাগম করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ অভিযান অব্যাহত থাকবে।’
কেএ/বার্তাবাজার