করোনা প্রতিরোধে চট্টগ্রামে ঘরবন্দী ১৭ হাজার দিনমজুর ও গরীব পরিবারদের ত্রাণ সহায়তা দিবে চট্টগ্রাম জেলা প্রশাসন।শুক্রবার (২৭ মার্চ) জেলা প্রশাসনের পক্ষ হতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জেলা ত্রাণ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী।
তিনি জানান, “করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত লক ডাউন সিদ্ধান্তের দরুন খেটে খাওয়া দিন মজুর ও গরীব কর্মজীবি মানুষ বেকার হয়ে পড়েছে। ফলে তাঁদের আয় রোজগার ও খাবার যোগানের পথ অবরুদ্ধ হয়ে গেছে।
তাই তাঁদের সাহায্যার্থে জেলা প্রশাসনের পক্ষ হতে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার (২৮ মার্চ) থেকে এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে।”
তিনি আরো জানান, শহর এলাকায় সিটি করপোরেশনের সহায়তায় এবং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহায়তায় ত্রাণ বিতরণ কার্য্যক্রম পরিচালিত হবে।
জেলা প্রশাসনের তথ্য প্রাথমিক পর্যায়ে ত্রাণ সহায়তা লাভে তালিকাভুক্তদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ২ হাজার, উত্তর চট্টগ্রামের মিরসরাইয়ে ১ হাজার ৩০০, সীতাকুণ্ডে ১ হাজার ২০০, ফটিকছড়িতে ১ হাজার ৭০০, রাউজানে ৮০০, রাঙ্গুনিয়ায় ১ হাজার, হাটহাজারীতে ৮০০, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালীতে ৫৫০, পটিয়ায় ৯০০, আনোয়ারায় ৮০০, চন্দনাইশে ৭০০, লোহাগাড়ায় ১ হাজার, সাতকানিয়ায় ১ হাজার, বাঁশখালীতে ১ হাজার ৪০০, সন্দ্বীপে ১ হাজার ৫০০, কর্ণফুলীতে ৩৫০টি পরিবারকে ১০ কেজি চালের পাশাপাশি ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া হবে বলে জানান সজীব কুমার চক্রবর্তী।
কেএ/বার্তাবাজার