জাতীয় পতাকা চুরির দায়ে থানায় অভিযোগ

রাতের অন্ধকারে স্কুলের দড়জা ভেঙ্গে ভেতরে ঢুকে জাতীয় পতাকা চুরি করে নিয়ে যাওয়ায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাহিপুরের হলহলিয়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহিদ আহমদ বৃহস্পতিবার (২৬ মার্চ) এই অভিযোগটি করেছেন।

থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম হলহলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের দড়জা ভেঙে একদল সংঘবদ্ধ চোর বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় জাতীয় পতাকাসহ বিদ্যালয়ের অফিস কক্ষে থাকা কিছু উপকরণ চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন বিদ্যালয়ের ভাঙা দড়জা দেখে প্রধান শিক্ষককে খবর দিলে তিনি এসে এই বিষয়ে নিশ্চিত হন।

প্রধান শিক্ষক মোশাহিদ আহমদ জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার পর বিদ্যালয়ে অতীতে কোন চুরির ঘটনা ঘটেনি। এ প্রবণতা রুখতে না পারলে প্রতিটি এলাকায় এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন ওই প্রধান শিক্ষক।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান চুরির ঘটনায় অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বললেন, পতাকাসহ চোরাই শিক্ষা উপকরণ উদ্ধার ও চোর শনাক্তে পুলিশ তৎপর রয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর