ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হোম কোয়ারেন্টাইন না মানা এক বিদেশ ফেরতকে জরিমানা করা হয়। জরিমানার টাকা নিজের পকেট থেকে দিতে যান অভিযুক্ত প্রবাসী। কিন্তু সরাসরি প্রবাসীর ব্যক্তির পকেট থেকে টাকা নিতে বিব্রতকর অবস্থায় পরে যান দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম।
নোয়াখালীর হাতিয়া উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এই ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, বিদেশ ফেরত একজন হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফিরা করছেন এমন খবর আসায় অভিযানে নামেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। পশ্চিম সোনাদিয়া গ্রামের দুলাল উদ্দিনের ছেলে নবির উদ্দিনের বাড়িতে গিয়ে সংবাদের সত্যতা পান। তখনই অভিযুক্ত প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
কিন্তু বিপত্তি বাঁধে জরিমানার টাকা নেয়া নিয়ে। ওই প্রবাসী যখন পকেট থেকে টাকা বের করে ম্যাজিস্ট্রেটের হাতে দিতে যাবে তখন সাথে থাকা লোকজন তা হাতে নিতে অপারগতা প্রকাশ করে।
পরে ঘটনাস্থলে উপস্থিত ইউনিয়ন পরিষদ মেম্বার মোজাহার উদ্দিন নিজের পকেট থেকে জরিমানার টাকা দিয়ে দেয়।
উল্লেখ্য, ১৭ মার্চ ওমান থেকে দেশে ফিরে নবির উদ্দিন হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন।
বার্তাবাজার/এসজে