করোনাভাইরাস থেকে বাঁচতে তথ্য প্রতিমন্ত্রীর পরামর্শ

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি করেছে। ইতোমধ্যে ১৯৯ টি দেশ ও অঞ্চলে এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৪৪ জন।

প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বর্তমান তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান একটি বার্তার মাধ্যমে তিনটি পরামর্শ দিয়েছেন।

জেনে নিন করোনার বিরুদ্ধে ডাঃ মুরাদ হাসানের তিন পরামর্শ:-

১. খুব বেশি প্রয়োজন ছাড়া কোনো অবস্থাতেই ঘর থেকে বের হবেন না, নিজেকে মৃত্যুর মূখে ফেলবেন না। আগামী দুই সপ্তাহ কোনো জনসমাগমে যাবে না।

২.বাড়িতে বা কর্মক্ষেত্রে কিছুক্ষণ পরপর নিয়ম মেনে হাত ধুয়ে নিন। হাঁচি এলে টিস্যু ব্যবহার করুন। নিদেনপক্ষে কনুই দিয়ে আটকান। যাতে জীবাণু ছড়িয়ে না পড়ে।

৩.গুজবে কান দেবেন না। সরকারের কথা শুনুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলুন।

জামালপুরবাসীর উদ্দেশ্যে দেয়া তথ্য প্রতিমন্ত্রীর বার্তাটি তুলে ধরা হল:

‘‘প্রিয় জামালপুর বাসী,
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আমার সালাম ও শুভেচ্ছা নিবেন।
আমরা একটা ভয়ংকর দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে আমাদের জিততেই হবে ইনশাআল্লাহ।
ঘর থেকে বের হবে না,আতঙ্কিত না হয়ে মহামারী করোনা ভাইরাস সম্পর্কে সচেতন হোন, সতর্ক হোন।
আমি ডাঃ মুরাদ হাসান এমপি আপনাদের চাকর, আপনাদের সেবক ও আমার প্রাণপ্রিয় সরিষাবাড়ির জনগণের অতন্দ্র প্রহরী।
আমার বাবা মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সর্বদলীয় সংগ্রাম পরিষদের তৎকালীন জামালপুর ও শেরপুরের আহবায়ক, মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকার নিযুক্ত অস্থায়ী বিচারপতি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এডভোকেট মতিয়র রহমান তালুকদার সারা জীবন মানুষের সেবা করে গেছেন তার সন্তান হিসেবে আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি এই মুর্হুতে ঘর থেকে বের হবেন না।
নিজের সন্তান, বাবা, মা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়া মহল্লা এবং দেশের মানুষকে মৃত্যুর মূখে ফেলবেন না।
সরকারি নির্দেশ মেনে চলুন।

আপনি ঘরে থাকুন আপনার জীবন বাঁচানোর জন্য, সাময়িক কষ্ট হলেও নিজের বাড়িতে থাকুন দয়া করে, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না,করোনাভাইরাস এর বিস্তৃতি রোধের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যেমনঃ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা, ওষুধপথ্য কেনা, ও অসুস্থ হলে হাসপাতালে যাওয়া—— অত্যাবশকীয় কারণ ছাড়া অহেতুক বাইরে বের হওয়া মানে নিজের মৃত্যুকে আলিঙ্গন করা।

জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, গ্লাভস এবং মাস্ক পরাসহ পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন।
আমি চিকিৎসক হিসেবে বলছি, করোনাভাইরাস দমনে কিছুক্ষণ পর পর ক্ষারযুক্ত সাবান–পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়াই যথেষ্ট। আর ইসলাম ধর্মের অনুসারীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে সবচেয়ে ভালো।

করোনাভাইরাস সাধারণত উপসর্গ দেখা দিতে ২ থেকে ১০ দিন সময় লাগে। তাই ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হয়।
সরকার সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাগম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে,তাই ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি আহবান অসুস্থ অবস্থায় মসজিদে নামাজ আদায় না করে নিজ বাড়িতে নামাজ পরেন এবং অন্যান্য ধর্মাবলম্বীগণ যার যার নিজ বাড়িতে প্রার্থনা করেন।

সরকার দরিদ্র জনগোষ্ঠীর আয় অন্নসংস্থানের অসুবিধা নিরসনের জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসকদের খাদ্য ও আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। আপনি ঘরে থাকুন সবধরনের সহায়তা করবে সরকার।

আর আমার জামালপুরের প্রবাস ফেরত ভাই বোনদের কাছে সবিনয়ে অনুরোধ করছি দয়া করে ১৪ দিন ঘর থেকে বের হবেন না(হোম কোয়ারেন্টাইনে থাকুন)।
আর আমাদের চিকিৎসক, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সশস্ত্র বাহিনীর ভাইবোন যারা জীবন বাজী রেখে কাজ করছেন, তাদের আন্তরিক ভাবে সহযোগিতা করুন।

প্রিয় জামালপুর বাসী, আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলা করি,আমরা সকলে সচেতন হই, করোনা ভাইরাসের ভয়ে আতংকিত না হই।
নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হবেন (আমিন)। জয় আমাদের হবেই ইনশাআল্লাহ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।।’’

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর