মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ বাজারে আগুন লেগে ১০ দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি দোকান থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষ টাকা পরিমাণ ক্ষতি সাধন হয়েছে বলে ধারণা করা হয়। দোকান মালিকরা তাদের সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানিরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাত সাড়ে ১২টার দিকে একটি দোকানে আগুন লাগলে মুহূর্তেই আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে মানিকগঞ্জ এবং সাভার ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে সোয়া একটার দিকে সাভার ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে এলাকাবাসীর সহযোগীতায় ২টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুন নিয়ন্ত্রনে আসার আগেই স্থানীয় ব্যবসায়ী মোঃ আজম খান, আব্দুস সাত্তার, জালাল উদ্দিন, ফজলুল হক, মিষ্টার, লস্কর আলী, আব্দুস সালাম ও মুজিবুর রহমানের দোকানসহ পুড়ে ছাই হয়ে যায় একসারিতে থাকা দশটি দোকান।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুনা লায়লা খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের খোজ খবর নেয়া হয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে দোকানদারদের আর্থিক সহযোগীতা করা হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস