ইসলামিক ফাউন্ডেশন (ইফা) জানিয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের বিশিষ্ট আলেমদের পরামর্শ অনুযায়ী জুমার নামাজে সীমিত মুসল্লি আসার জন্য। একই সঙ্গে তারা শতভাগ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত না হয়ে কোনও মুসল্লিকে মসজিদে না আসার অনুরোধ জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়।
অন্য আরেক বিজ্ঞপ্তিতে যাদের হাঁচি, কাশি কিংবা জ্বর রয়েছে তাদেরকে বাসায় বসে জুমার পরিবর্তে জোহরের নামাজ পড়ার পরামর্শ দিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন। সেই সঙ্গে বয়স্ক মুসল্লিদের করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে আপাতত কিছুদিন সব নামাজ বাসায় পড়তে অনুরোধ জানানো হয়।
করোনাভাইরাস সংক্রমণরোধে এবং মানুষের ব্যাপক মৃত্যুঝুঁকি থেকে সুরক্ষার জরুরি পদক্ষেপ হিসেবে সব ধরনের জনসমাগম বন্ধের পাশাপাশি মসজিদসমূহে জুমা ও জামাতে মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখা।
মসজিদ বন্ধ থাকবে না, তবে করোনাভাইরাস সংক্রমণ হতে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে গমন না করা। সরকার ও বিশেষজ্ঞগণ সতর্কতার জন্য যেসব নির্দেশনা প্রদান করছেন তা মেনে চলা।
সবাইকে অপরাধমূলক কাজকর্ম থেকে বিরত হয়ে ব্যক্তিগতভাবে তওবা-ইস্তিগফার ও কোরআন তেলাওয়াত অব্যাহত রাখা।
প্রসঙ্গত, করোনাভাইরাস প্রতিরোধে আরব বিশ্বসহ অনেকে দেশেই বর্তমানে মসজিদে জামাত বন্ধ রয়েছে। তাই দেশবাসীর সকলের স্বার্থে জুমার নামাজের জামাত মসজিদে সীমিত আকারে করার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এদিকে, দেশে করোনাভাইরাসে আজ নতুন করে আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। মারা গেছেন ৫ জন।
বার্তাবাজার/কে.জে.পি