কোয়ারেন্টাইনে থেকে ভিডিও কলে বিয়ে সারলেন হামিদ-মেহজাবিন

সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ। এরই মধ্যে বিশ্বের প্রায় সব দেশে আঘাত হেনেছে। এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ মানুষ।

এদিকে, করোনা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারত সরকারও দেশটিকে লকডাউন ঘোষণা করেছে। আর সেই কারণেই গত বুধবার বিয়ের আয়োজন বাতিল করতে হয়েছিল হামিদ আর মেহজাবিনকে।

তবে আয়োজন বাতিল হলেও বিয়ে বাতিল করেননি উত্তরপ্রদেশের হরদৌয়ের এই জুটি। দেশের এমন পরিস্থিতিতে ভিডিও কলেই ‘বিয়ে’ করে ফেলেন হামিদ-মেহজাবিন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিন্তু এভাবে বিয়ের আইডিয়া এল কিভাবে? খোলসা করলেন হামিদ নিজেই, ‘আসলে করোনা সর্তকতা মেনে এবং এই লকডাউনের সময় বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়া অসম্ভব এবং অনুচিত। ভিড় করাও ঠিক না।’ হামিদ জানান, আয়োজন বন্ধ করলেও বিয়ে পিছিয়ে দিতে চাননি তিনি ও তার স্ত্রী। আর সেই কারণেই ভিডিও কলের ফন্দি।

কিন্তু বিয়ে তো হলো, সংসার তো আর ভিডিও কলে হবে না! হেসে ফেললেন হামিদ। বললেন, ‘লকডাউনের সময়টা পেরিয়ে গেলেই বাড়িতে নতুন বউকে আনব। আর তখনই সবাইকে নিমন্ত্রণ করে খুব মজা করব।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর