এবার করোনায় আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রীর দফতরের কর্মকর্তা

এবার মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দফতরের এক কর্মকর্তা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র খবরটি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আইইডিসিআরের ব্রিফিংয়ে যে ৫ জন নতুন করে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন ওই কর্মকর্তা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র খবরটি নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানায়, ওই কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ার পরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষপর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে।

এর আগে ওই কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্তের পর স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে যোগাযোগ করেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষপর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে যাওয়ার পরামর্শ দেন।

এদিকে করোনাভাইরাস নিয়ে দেশের সবশেষ পরিস্থিতি জানাতে বৃহস্পতিবার বিকালে অনলাইন লাইভ ব্রিফিংয়ে সংস্থাটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজন আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের সবাই পুরুষ। তাদের মধ্যে দুজনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, দুজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। আর একজন আছেন ষাটোর্ধ্ব। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে বাংলাদেশে সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। সূত্র: যুগান্তর

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর