মহামারি করোনা ভাইরাস থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের জনগণকে নিরাপত্তা দিতে বিশেষ ব্যবস্থায় চীন থেকে ৩০ হাজার কিট, ১০ লাখ মাস্ক ও ৮ হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) এনেছেন মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এসব সামগ্রী দেশে এসে পৌঁছেছে বলে জানান মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
চীন থেকে আনা এসব কিট জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে, মাস্কগুলো নগরবাসীর মধ্যে এবং পিপিইগুলো নাগরিকদের সেবা প্রদানকারীদের মধ্যে বিনামূল্যে প্রদান করা হবে বলে জানান মেয়র।
মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস থেকে নগরবাসীকে সুরক্ষিত রাখাই এখন তার প্রধান দায়িত্ব। তাই করোনাভাইরাস শনাক্ত ও সুরক্ষার প্রস্তুতি হিসেবে তিনি ব্যক্তিগত উদ্যোগে চীন থেকে এসব উপকরণ এনেছেন। যা বৃহস্পতিবার দুপুরে দেশে এসে পৌঁছানোর পর বিকেল থেকেই নগরবাসীর মধ্যে বিতরণ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, শুধু নগরবাসীকেই নয়, পুরো জেলাকে সুরক্ষার জন্য জেলাব্যাপী এসব সামগ্রী বিতরণ করা হবে। করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরি করতে এবং কার্যকরী পদক্ষেপ বাস্তবায়নের জন্য নগরীর ৫৭টি ওয়ার্ডে ইতোমেধ্যে ৬৫টি কমিটি গঠন করা হয়েছে।
কোয়ারেন্টাইনে না থেকে কোনো প্রবাসী এলাকায় ঢুকে পড়ল কিনা, অপ্রয়োজনে কোনো নাগরিক রাস্তাঘাট, হাট-বাজারে ঘোরোফেরা করছেন কিনা- এসব মনিটর করবেন এ কমিটির সদস্যরা।
বার্তাবাজার/এমকে