যশোরের বেনাপোল কাগজপুকুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওজিয়ার(৭০)নামে এক বৃদ্ধ মারা গেছে বলে অভিযোগ উঠেছে।
মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা ভারতের মুম্বাই শহর থেকে চোরাইপথে দেশে আসার পর ওই ব্যাক্তির শ্বাসকষ্ট দেখা দেয়। এর এক সপ্তাহ পর বৃহস্পতিবার(২৬শে মার্চ)রাত সাড়ে তিনটার দিকে সে মারা যায়।খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান,মৃত ওজিয়ারের মেয়ে আম্বিয়া এবং ছেলে তরিকুল ইসলাম ভারতের বোম্বে শহরে দীর্ঘ দিন ধরে থাকতেন।সেখান থেকে তারা চোরাইপথে দেশে প্রবেশ করার পর বাড়িতে লুকিয়ে ছিল। তাদের পিতার মৃত্যুর পর ধারনা করা হচ্ছে যে ওই বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে।
কাগজপুকুর(বেনাপোল)পৌর সভার কাউন্সিলর আমিরুল ইসলাম বলেন,ওজিয়ার রহমান একজন বয়োবৃদ্ধ লোক এবং দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে তার পরিবারের সদস্যরা ভারত থেকে আসার পর শ্বাসকষ্ট বেশী হওয়ায় ধারনা করা হচ্ছে করোনা ভাইরাসে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় ডাক্তার ইদ্রিস আলী বলেন, গত রাত্রে রোগির প্রেসার না পেয়ে আমি সেলাইন ও গ্যাসের ঔষধ দিয়েছিলাম।এছাড়া ওই রোগি দীর্ঘদিন যাবৎ স্বাস কষ্টে ভুগছিল। সে বার্ধক্য ও হাঁপানি কাশিতে মারা যেতে পারে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার শুভাংকর কুমার রায় বলেন,ওজিয়ার রহমান কি রোগে মারা গেছে এটা এখনও আমরা নিশ্চিত না।আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তার শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা না করে বলা যাবে না।
বার্তা বাজার / ডাব্লিওএস