বিশ্বব্যাপী সবাই জানতো চীনের উহান শহর থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। তবে এবার চাঞ্চল্যকর দাবি করলেন ইতালির এক চিকিৎসক। তার দাবি, চীনের অনেক আগেই ইতালিতে ছড়িয়ে পড়েছিল প্রাণঘাতী এই ভাইরাস।
মিলানের মারিও নেগরি ইনস্টিটিউট ফর ফার্মাকোলজিক্যাল রিসার্চ—এর অধ্যক্ষ জুসেপ্পে রেমুজ্জি নামে ওই চিকিৎসক তার দাবির পেছনে বেশ কিছু যুক্তিও দাঁড় করিয়েছেন। আর তার এমন বিস্ফোরক মন্তব্য ফলাও করে ছেপেছে চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস, সিসি টিভিসহ আরও বেশ কয়েকটি গণমাধ্যম।
অধ্যক্ষ জুসেপ্পে রেমুজ্জি বলেন, ‘চীনে ছড়িয়ে পড়ার আগে ডিসেম্বরে এমনকি নভেম্বরেই অপরিচিত নিউমোনিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে আসতে থাকেন। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন বয়স্ক রোগী।’
তিনি বলেন, ‘অর্থাৎ ভাইরাসটি চীনে ছড়িয়ে পড়ার অন্তত কয়েক সপ্তাহ আগেই লুম্বার্ডিতে ছড়িয়ে পড়ে এবং আমরা আগে থেকেই এ বিষয়ে সতর্ক ছিলাম।’
সে সময় এই মহামারির বিষয়ে তিনি ও একদল চিকিৎসক ইতালির প্রশাসনকে সতর্ক করেছিলেন বলেও দাবি করেন জুসেপ্পে। রেমুজ্জির বক্তব্য অনুযায়ী, শুরুর দিকে এই রোগটি সঠিকভাবে ধরা পড়েনি। চিকিৎসকদের অজান্তেই ছড়াতে থাকে এটি।
বার্তাবাজার/কে.জে.পি