প্রধানমন্ত্রীর ভাষণ নিঃসন্দেহে জাতিকে হতাশ করেছে: মান্না

মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে করোনার বৈশ্বিক মহামারিতে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ভাষণ নিঃসন্দেহে জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মান্না বলেন, গত ২৪ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি এবং পরবর্তীতে অর্থনৈতিক দুর্যোগ সামাল দিতে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছিলাম যার প্রতিফলন ঘটলে আমরা এই ভয়াবহ দুর্যোগ সামাল দিতে পারতাম।

বুধবার (২৫ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

মাহমুদুর রহমান মান্না বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে বর্তমান পরিস্থিতি এবং পরবর্তী সময়ে অর্থনৈতিক চাপ সামাল দেয়ার জন্য কোনো উদ্যোগের কথা ছিল না। এত বড় বৈশ্বিক দুর্যোগের সময়ে দেশের প্রান্তিক জনগণের কথা মাথায় রেখে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি করোনা মোকাবিলায় সরকারের ব্যর্থতা আড়াল করতে গিয়ে তিনি এমন কিছু উদ্যোগের কথা বলেছেন যার আদৌ কোনো বাস্তব ভিত্তি নেই।

তিনি আরও বলেন, চীনে করোনার প্রাদুর্ভাব হওয়ার পর থেকেই দেশের বিমান এবং স্থলবন্দরগুলোতে ব্যবস্থা নেয়ার যে কথা তিনি বলেছেন তা বাস্তবতা বিবর্জিত। আমরা দেখেছি সেসময় কেবল শাহজালাল বিমানবন্দরের একটি থার্মাল স্ক্যানার সচল ছিল। অন্য কোনো জায়গায় সেটাও ছিল না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন দেশে করোনা চিকিৎসার উপকরণ, পরীক্ষার কিট, চিকিৎসকদের পিপিই সংকট নেই। কিন্তু বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন। বস্তুত আমাদের সরকার একটি বিশেষ দিবসকে সামনে রেখে করোনাকে আড়াল করে রেখেছিল। যখন থেকে বিষয়টি প্রকাশিত হয়েছে তারপরও সরকার একের পর এক ভুল এবং অগোছালো সিদ্ধান্ত নিয়ে দেশে করোনার ঝুঁকি বাড়িয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর