সরকারের অতিরিক্ত সচিব পদে বেশ কিছু রদবদল হওয়ায় বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের মহাপরিচালক পদে নতুন ব্যক্তিরা নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশ সূত্রে বুধবার (২৫ মার্চ) এ তথ্য জানা গেছে।
আদেশে উল্লেখ ছিল, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে বন্যা আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্বরত মো. মাহবুব কবিরকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে বিদ্যুৎ বিভাগের স্রেডার সদস্য (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলামকে ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব করা হয়েছে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব এ কে এম আফতাব হোসেন প্রমাণিককে। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে তার বদলির আদেশ হয়েছিল।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শফিউদ্দিন আহমেদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।
একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত সালমা বেগমকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।
বার্তাবাজার/এসজে