সাংবাদিকদের আলাদা পাসের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

দেশে মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।
এ সময়ে দায়িত্ব পালনে সাংবাদিকদের আলাদা পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ বুধবার সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতাদের কাছে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন। সচিবালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে ছুটি ঘোষণার পর এবার গণপরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। এ সময়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে সরকার। স্থানীয় প্রশাসনকে সহযোগিতার জন্য ইতিমধ্যে মাঠে নেমেছে সেনাবাহিনী।

ছুটির সময়ে সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আলাদা কোনো পাস বা পরিচয়পত্র ইস্যু করা হবে কি না- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনি করি, সাংবাদিকদের যে কার্ড (অফিসের পরিচয়পত্র) আছে সেটি যথেষ্ট। যদি সাংবাদিকদের মিডিয়া হাউজ থেকে বলে দেয়া হয় তিনি অন-ডিউটি, তাহলে সেটিই যথেষ্ট। এটির জন্য আলাদা কার্ড দেয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না। একজন সাংবাদিক যখন অন-ডিউটি তখন তাকে সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করি।’

তিনি বলেন, ‘এই দুর্যোগ সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বিভিন্ন জায়গায় যেতে হয়, সেজন্য তারাও কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে থাকে। আমরা বলেছিলাম, সাংবাদিকদের পার্সোনাল প্রটেকশনের জন্য কিছু কিটের ব্যবস্থা করব।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর