করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে নরসিংদীর পলাশ উপজেলাবাসীর স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে জরুরি সেবা ছাড়া উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সব প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার রাতে নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কাঁচা বাজার, ফার্মেসী, খাবার, হাসপাতাল এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া জেলার সকল শপিং মল, দোকানপাট, রাস্তার পাশের চায়ের দোকান, সেলুন, হোটেল ও রেস্টুরেন্টসহ ইত্যাদি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
এছাড়া জেলার সকল সাপ্তাহিক বাজার ও গবাদি পশুর হাট পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) ফারহানা আলী।
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী উপজেলার কাঁচা বাজার, ফার্মেসী, খাবার, হাসপাতাল ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ছাড়া সব কিছু বন্ধ রাখার লক্ষ্যে পৃথকভাবে প্রশাসনের পক্ষ থেকে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এতে বিনা প্রয়োজনে কেউ বাড়ি থেকে বের হলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
কেএ/বার্তাবাজার