সবাইকে ঘরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনাভাইরাস সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপদেশ আমাদের মেনে চলতে হবে। আমাদের যতদূর সম্ভব মানুষের ভিড় এড়িয়ে চলতে হবে।’

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করেছে।

ভাষণের শুরুতে শেখ হাসিনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও বিদেশে অবস্থিত বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং মহান মুক্তিযুদ্ধে যেসব বিদেশি রাষ্ট্র এবং জনগণ সহযোগিতা করেছিলেন তাঁদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

এরপর প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এবারের স্বাধীনতা দিবস এক ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত। ধনী বা দরিদ্র, উন্নত বা উন্নয়নশীল, ছোট বা বড়-সব দেশই আজ কমবেশি নভেল করোনা নামক এক ভয়ঙ্কর ভাইরাস দ্বারা আক্রান্ত। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশও এ সংক্রমণ থেকে মুক্ত নয়।

তিনি বলেন, এ পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস ভিন্নভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি। জনসমাগম হয় এমন ধরনের সব অনুষ্ঠানের আয়োজন থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

‘জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ সকল জেলায় শিশু সমাবেশ ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই কারণে আমরা মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে জনসমাগম না করে টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করেছি।’

প্রিয় দেশবাসী, আতংকিত হবেননা। আপনার সচেতনতা আপনাকে এবং আপনার আত্মীয়স্বজনকে নিরাপদে রাখবে। ঘরে বসেই যারা মুসলিম তারা নামাজ আদায় করুন এবং অন্যান্য ধর্মের লোকজনও ঘরেই প্রার্থনা করুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেউ গুজব ছড়াবেননা। ২৪ মার্চ থেকে প্রত্যক জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আপনারা যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন।

তিনি আরো জানান, কাঁচাবাজার, খাবার ও ওষুধের দোকান এবং হাসপাতালসহ জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে এবং বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু রাখবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর